বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের বিসিএমসি কলেজ সংলগ্ন এলাকা ও পুলেরহাট এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ইউএসএ’র তৈরী বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গোলাবারুদ, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পুরুষ ও দুই নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে আজ ভোর ২টা পর্যন্ত যশোর পুলেরহাট আর্মি ক্যাম্প থেকে পরিচালিত যৌথ বাহিনীর একটি অভিযানিক দল যশোর সদর উপজেলার বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে যশোর জেলার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফ হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে ওই বাড়ি থেকে দুটি উএসএ’র তৈরী বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গোলাবারুদ, দুটি চাপাতি, দুটি চায়না বেটন স্টিক, দুটি চাকু, একটি চাকু ধার দেওয়ার রড, পাঁচটি সিসি ক্যামেরা, একটি সাইড টেলিস্কোপ, পাঁচ বোতল মদ, একটি বক্স এয়ারগানের এ্যামো এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. জাকির হোসেন ওরফে সাগর (৫২), মো. জোয়েব হাসান ওরফে সাকির (৫৫), লোপা খাতুন (৩২) এবং তাহেরা আক্তার ওরফে তানিয়া (৪৫)। তারা সকলেই যশোর সদর উপজেলার বারান্দি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

ডিসপোজাল হিসেবে উদ্ধারকৃত সকল মালামালসহ আটক আসামিদের আজ ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটে যশোর কোতোয়ালি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version