বাংলার ভোর প্রতিবেদক
যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, অস্ত্র ও মাদক উদ্ধার; নারীসহ চারজন আটক যশোর শহরের বিসিএমসি কলেজ সংলগ্ন একটি বাসায় গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, বিভিন্ন ধরনের অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ভাই ও এক নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে যৌথ বাহিনীর একটি দল বিসিএমসি কলেজের পাশের ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, কয়েকটি ধারালো অস্ত্র এবং দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে বাড়িটিতে অবস্থানরত দুই ভাই ও এক নারীসহ চারজনকে আটক করা হয়। । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version