বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের লালদীঘির পাড়ে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ ভোজন বাড়িতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের প্রমাণ পেয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন .. ..
বুধবার পরিচালিত অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘরে তেলাপোকার উপদ্রব, পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের চিত্র উঠে আসে। আদালত সূত্রে জানা যায়, কিচেনের বিভিন্ন স্থানে তেলাপোকার বিচরণ, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ এবং পচা খাবার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় ভোজন বাড়িকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের পেশকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মহিবুল ইসলাম এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠানে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ উদ্বেগজনক। তারা ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
