বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, অপরাধ দমন কার্যক্রম, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন থানার অপরাধ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন এবং অপরাধ দমন, মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, জেলার সার্কেল কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা, সিআইডি ও পিবিআই যশোরের প্রতিনিধিরা, জেলার সব থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share.
Exit mobile version