বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আগামী ৪ এপ্রিল ‘যশোর গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় মৈত্রী ভলান্টিয়ার্স কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইকবাল কবির জাহিদ। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সদর উপজেলা আহ্বায়ক নজরুল ইসলাম, আফজাল হোসেন দদুল, হারুন অর রশীদ, সাজেদ রহমান বকুল, রিয়াদুর রহমানসহ অনেকে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৪ এপ্রিল সকাল ৯টায় শংকরপুর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া একই দিন বিকেল ৪টায় টাউন হল ময়দানে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হবে।
এ সময় ‘গণহত্যা দিবস পালনের জন্য একটি কমিটি’ গঠন করা হয়। এতে হারুন অর রশীদকে আহ্বায়ক এবং রিয়াদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
সভায় বক্তারা যশোর গণহত্যার শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
