রামপাল সংবাদদাতা
রামপালে সন্ত্রাসী হামলায় আহতরা বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বেলা ১১ টায় প্রেসক্লাব রামপালে ভুক্তভোগীদের পক্ষে সাইফুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়ের চন্দ্রাখালী গ্রামের মৃত আ. সালাম কাজ করার জন্য মৎস্য ঘেরে যান।
ওই সময় একই গ্রামের হায়দার ফকিরের সাথে কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে তার হুকুমে সন্ত্রাসী আল আমিন গং তার উপর চড়াও হয়। ওই সময় সন্ত্রাসীদের ধারালো দায়ের এলোপাথাড়ি কোপে আ. সালাম গুরুতর আহত হন।
গ্রামবাসী উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে আবারো আল আমীনসহ তার বাহিনীর ৩০/৪০ জন সদস্য লোহার রড, রামদা, হকিস্টিক নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রুহুল আমীন (৬০), ওহাব আলী সরদার (৩৫), রাজু গাজী (৪০), বেলাল সরদার (৫৫), ইনামুল গাজী (৫০), সবুজ শেখ (৪০), তরিকুল গাজী (৩০), বরকত গাজী (৩২) সহ অন্তত ১০ থেকে ১২ জনকে আহত করে।
সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন সন্ত্রাসী আল আমিন হুমকি দিয়ে বলেছে, তাকে কেউ কিছুই করতে পারবে না। এলাকায় থাকতে হলে তার সাথে আপোষ করে থাকতে হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আল আমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি মারপিটের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ইতিমধ্যে দুই জনকে ধরে আদালতে পাঠিয়েছি। অন্যদের ধরার জন্য অভিযানে রয়েছি। এলাকা শান্ত রয়েছে।

