রামপাল সংবাদদাতা :
রামপালে আরো একটি সরকারি খালের বাঁধ অপসারণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে সিংগড়বুনিয়া গ্রামের চামারখালী খালের বাঁধ অপসারণ করেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

জানা গেছে, উপজেলার সিংগড়বুনিয়া গ্রামের অহিদ আক্ঞ্জুী তার দোসর মোতাহার আলী নামের অপর এক ব্যক্তির সহায়তায় ৩ মাস পূর্বে প্রবাহমান চামারখালী খালে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে সেখানে মাছ চাষ শুরু করে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। একপর্যায়ে গ্রামবাসীর পক্ষে বিএনপি নেতা মহিদুল ইসলাম লিখিতভাবে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নজরে আনেন বিষয়টি। প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনারকে আদেশ দেন।

সে মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহায়তায় বাঁধ অপসারণ করেন। এ সময় তিনি বলেন, রামপালে প্রবাহমান সরকারি রেকর্ডীয় খালে কেউ বাঁধ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রবহমান খাল ও নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর।

Share.
Exit mobile version