রামপাল সংবাদদাতা
রামপালে পাওনা বেতনভাতা ও চাকরি ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অসহায় বাবুর্চি ইউসুফ। বুধবার বেলা ১১ টায় ফয়লাহাটে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিতভাবে ভুক্তভোগী ইউসুফ জানান, মোংলা উপজেলায় স্থাপিত প্যাট্রোম্যাক্স রিফাইনারি লি. কোম্পানিতে পাচক (কুক) পদে চাকরি করা অবস্থায় ২০১৫ সালে অসদাচারণের অভিযোগ তুলে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে চাপ প্রয়োগ করে। অব্যাহতি না নিলে তারা আমাকে চাকরি থেকে বরখাস্ত করার ভয়ভীতি দেন।
এক পর্যায়ে তারা আমাকে আটকে রেখে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নেয়। নিরুপায় হয়ে আমাকে রিজাইন লেটারে স্বাক্ষর করতে হয়। পরবর্তীতে অসদাচারণের বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। বিভিন্ন দপ্তরে আবেদন করে পাওনা টাকার কিছু টাকা ফেরৎ দেন কর্তৃপক্ষ। কিন্তু কোম্পানি আইনের আলোকে অন্যান্য সুযোগসুবিধা ও চাকরি ফেরৎ দেননি কর্তৃপক্ষ। তিনি চাকরি ফেরৎসহ সকল সুযোগসুবিধা দাবী করেন।
অভিযোগের বিষয়ে প্যাট্রোম্যাক্স রিফাইনারি কর্তৃপক্ষের প্লান্ট ম্যানেজার জাহাঙ্গীর হোসেনের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, তিনি গত জুলাই/২০২৫ সালে কোম্পানিতে যোগদান করেছেন। বিষয়টি অনেক আগের, তিনি শুনেছেন, তবে বিস্তারিত কিছুই জানেন না।

