রামপাল সংবাদদাতা
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার উদ্বোধনী ও সমাপনী অনষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও কুইজ প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, ওসি সুব্রত কুমার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মো. জিহাদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপালের সাবেক সহ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।
বিজ্ঞান মেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রদর্শন করে। এরপরে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সর্বশেষ কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজ্ঞান মেলা প্রাঙ্গণটি প্রাণবন্ত ও উৎসব মুখর হয়ে ওঠে।
