বাংলার ভোর প্রতিবেদক
যাকাত তহবিল সংগ্রহের লক্ষ্যে রোগী কল্যাণ সমিতি যশোরের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।
মতবিনিময় সভায় আরো অধিক সংখ্যক দুঃস্থ রোগীকে সেবা প্রদানের লক্ষ্যে সমিতির তহবিল গঠনের জন্য সমাজের বিত্তবান, যশোর চেম্বার নেতৃবৃন্দ, দানশীল ও বিবেকবান ব্যক্তিদের তাদের যাকাত ও দান সংগ্রহ এবং তা সমিতির ফান্ডে দেয়ার আহবান জানানো হয়। এ সময় সমিতিতে নতুন সদস্য গ্রহণ ও রমজানে ‘যাকাত মেলা’ চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব শান্তা শ্যামলী মনীষা, যশোর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ.বি.এম দেলওয়ার হোসেন, অর্থোপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রশীদ, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. শরিফুল ইসলাম, নেফ্রোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. উবায়দুল কাদির উজ্জল, ডা. এ.এইচ.এম মনিরুজ্জামান, ডা. আবু সাইদ, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এ. কে শরফুদ্দৌলা ছোটলু, কোষাধ্যক্ষ খোন্দকার মাসুদুল হক মাসুদ, প্রচার সম্পাদক আলিমুজ্জামান লিটু, সদস্য খলিলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, প্রমুখ।

