মাগুরা সংবাদদাতা
শরীয়তপুরে চিকিৎসক নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ করেছে মাগুরার ডাক্তার সমাজ।

মঙ্গলবার সকালে বিএমএ ও ড্যাব জেলা শাখার আয়োজনে মেডিকেল কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডাক্তার মাসুদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা বিএমএর সভাপতি প্রফেসর ডাক্তার আলীমুজ্জামান, সাধারণ সম্পাদক ডাক্তার জয়ন্ত কুমার, ডাক্তার আব্দুল হাই এবং ইন্টার্নি ডাক্তার নাইমুল।

বক্তারা বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে অধ্যয়ন করে এবং বিসিএস পাস করে ডাক্তার হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করেন।

কিন্তু কর্মস্থলে তারা পর্যাপ্ত নিরাপত্তা পান না। এরই ধারাবাহিকতায় শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর হামলার ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকারের তিন মাসের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৯ জন চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে।

সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রোগী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। অন্যথায় দেশের সকল চিকিৎসকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Share.
Exit mobile version