শার্শা সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছর উপলক্ষে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, টেকসই কৃষি উন্নয়ন এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি শার্শা আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপি এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি বিভাগের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা জানান।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষির বিভিন্ন খাতভিত্তিক প্রায় ১৫টি স্টল অংশগ্রহণ করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, ধানের উন্নত ও আধুনিক জাত, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কৃষি প্রযুক্তি ও সেবা সাধারণ মানুষের সামনে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নেয়াজ মাখদুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কৃষকরা।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
