বাংলার ভোর প্রতিবেদক
ঈদের নতুন পোশাক কিনে ভ্যানচালক বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন সাত বছর বয়সী স্কুল পড়ুয়া অনিক হাসান। বাবার পক্ষে সে হাতে নেয় ঈদ উপহার সামগ্রী।
এ সময় তার চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক। শুধু অনিকের বাবাই নয়; যশোরের বাঘারপাড়ার বিভিন্ন বাজার ও মোড় ঘুরে ঘুরে শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার৷ বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ উপহার দেওয়া হচ্ছে।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, সেমাই, চিনি, গুড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি। শুক্রবার বিকেলে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম ও খালেদ হাসান তুষার।
উপহারসামগ্রী পেয়ে ষাটোর্ধ্ব বিধবা হামিদা বেগম বলেন, ‘তোরা আমার জন্যি উপহার আনিছিস আমি অনেক খুশি বাবা। খালেদা জিয়ার জন্যি দোয়া করি।’
চৌদ্দ বছর বয়সী ভ্যানচালক প্রান্ত বলে, ‘আমাগের খুব কষ্টে দিন যাচ্ছে। এই উপহার দেখলি মা খুব খুশি হবেনে।’
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার জানান, ঈদ আনন্দের ভাগিদার হওয়ার অধিকার সবারই আছে। কর্মসূচির প্রথমদিনে পাঁচশ শ্রমজীবী ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এরপর আরও পাঁচশ প্যাকেট বিতরণ করা হবে। এমন কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান শামীম।
