শার্শা সংবাদদাতা
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে যশোর শার্শা-১ আসনে বাংলাদেশে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান শনিবার বেলা ১১ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

নাভারণ হক কমিউনিটি সেন্টারে আয়োজিত সভার শুরুতে মানবিক বাংলাদেশের ইশতেহারের আংশিক অংশ পাঠ করা হয়। এরপরে তিনি তার ব্যক্তিগত কিছু পরিকল্পনা সাংবাদিকদের মাঝে তুলে ধরে বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

কিন্তু আমাদের দেশে সাংবাদিকগণ অবহেলার পাত্র। ফলে অর্থনৈতিক অনটনের শিকার। একদিকে অনুগ্রহ ও অন্যায় আনুগত্য, অন্যদিকে বঞ্চনা ও নির্যাতন। আমি একজন সাধারণ ও নগণ্য ব্যক্তি। প্রায় ৫ লক্ষ শার্শাবাসীর উন্নয়ন চিন্তা আমার একার বা শুধু রাজনৈতিক নেতাদের পক্ষে সম্ভব নয়: আপনাদের মেধা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া মানুষের কল্যাণ করা যাবে না।

এ সময় তিনি দলমত ও শ্রেণী নির্বিশেষে শার্শার সকল মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, ঘুষ ও দুর্নীতিমুক্ত দক্ষ প্রশাসন ও বৈষম্যহীন সমাজ গড়া, প্রতিশোধ, প্রতিহিংসা, হয়রানি ও মিথ্যা মামলা মুক্ত করে শার্শাকে সকল ধর্ম, মত ও শ্রেনীর মানুষের প্রিয় ঠিকানা করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সাথে তিনি খাল, বিল ও বাওড়গুলো দখলমুক্ত করা, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ১০০ শয্যা আধুনিক হাসপাতাল ও বেনাপোলে ৫০ বেডের একটি আধুনিক হাসপাতাল নির্মণসহ বন্দরকে দেশের উন্নয়নের সোপান করার প্রতিশ্রুতি দেন।

Share.
Exit mobile version