শ্যামনগর সংবাদদাতা
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরা তেল সংকটে ভুগছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশা পেট্রোলিয়ামে মঙ্গলবার সকাল ৮ টায় তেল সংগ্রহের জন্য সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করা শুরু করে। সেই অপেক্ষার লাইন লম্বা হয় দীর্ঘ দেড় কিলোমিটার।
জানা গেছে, তেল সংগ্রহের জন্য অনেকেই রাত থেকেই অপেক্ষা করেছেন। কেউবা দাঁড়িয়ে বসে দীর্ঘ এ সময় পার করেছেন। রাত্র পেরিয়ে সকাল হলে প্রশাসনের (পুলিশ ও বিজিবি) উপস্থিতিতে পাম্প কর্তৃপক্ষ তেল প্রদান করা শুরু করে প্রথম দিকে ৫০০ টাকার। কিন্তু বাইকারদের চাহিদা বেশি হওয়ায় কর্তৃপক্ষ প্রশাসনের সহতায় তেল প্রদান বন্ধ করে দেন।
পরে বাইকারদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন (পুলিশ ও বিজিবি) এবং পাম্প কর্তৃপক্ষের সিদ্ধান্তে মোটরসাইকেল প্রতি ৩০০ টাকা করে তেল প্রদান করে।
তবে দীর্ঘ অপেক্ষা শেষে সামান্য তেল পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন। বংশীপুর গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক আব্দুল মাজেদ আক্ষেপের সুরে বলেন আমি ভাড়ায় সাইকেল চালাই। এই ৩০০ টাকার তেলে আমার একদিন চলবে না।
সকাল থেকে শতশত মোটরসাইকেলে তেল দিলেও দীর্ঘ এ লাইন যেন কমেই না বেলা বাড়ার সাথে সাথে আরও বাইকাররা এসে সে লাইনে যুক্ত হতে থাকেন। পরিস্থিতি দেখে সকাল সাড়ে নয়টার দিকে পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসন (পুলিশ ও বিজিবি) পুনরায় সমন্বয় করে সিদ্ধান্ত নেন ২০০ টাকা হারে তেল দেয়ার। শুধু শ্যামনগর উপজেলা নয় এমন চিত্র সাতক্ষীরার সর্বত্র।
এ সংকটের সুযোগ নিতে গত সোমবার সাতক্ষীরা সদরে এক ব্যক্তি ১লিটার পেট্রল ৩০০টাকায় বিক্রি করেলোকজনের রোষানলে পড়েন। উল্লেখ্য সাতক্ষীরাতে ব্যক্তিগত মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক বেশি।
এদিকে যত্রতত্র বাজারে তেল পাওয়া যাচ্ছে তিন থেকে চারশ’ টাকা লিটার। আর এই অবৈধ তেল সিণ্ডিকেটকে রুখতে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চলছে উপজেলার চারটি তেল পাম্পে।
