বাংলার ভোর প্রতিবেদক
যশোরে শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না মা মিরা বেগমের। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। বুধবার দুপুরে নড়াইল বাসস্ট্যান্ডের সুপারিতলা ভিসা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকার পাকগাংনী ইউনিয়নের বুড়িগাংনী গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি যশোর শহরের কোতোয়ালী মডেল থানা এলাকার ঝুমঝুমপুরে আনোয়ার বিডিআরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশু আদ-দ্বীন হাসপাতাল থেকে সন্তানকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিনচালিত রিকশাযোগে বাসায় ফিরছিলেন মিরা বেগম। রিকশাটি মণিহার এলাকা অতিক্রম করে নড়াইল বাসস্ট্যান্ডের সুপারিতলা ভিসা অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে লিটন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে বাসটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

Share.
Exit mobile version