বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কর্মসূচি এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে যশোরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “অমিত্রাক্ষর”-এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার ।

“করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক, চলমান উন্নয়ন কার্যক্রম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের পরিকল্পনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়ন ও অগ্রগতির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সরকারের উন্নয়ন কার্যক্রম, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা এবং তথ্যপ্রবাহ আরও সহজ করার বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচারের অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Share.
Exit mobile version