বাংলার ভোর প্রতিবেদক :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় ও যুগোপযোগী করতে বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য বাবা-মায়ের মতোই দায়িত্ব পালন করেন এবং তাদের প্রকৃত মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন।

শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশু একাডেমির কার্যক্রমও নতুন করে শুরু করা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। ছয়তলা ভবনটিতে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিপারপাস হলরুম, ল্যাবরেটরি, লাইব্রেরি, শিক্ষক ও শিক্ষার্থী কমনরুমের ব্যবস্থা রয়েছে। এছাড়া ভবনের ছাদে সোলার সিস্টেম এবং বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

Share.
Exit mobile version