সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়া ও সদর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ বিভিন্ন বিওপির আভিযানিক দল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে। অভিযানে ভারতীয় ওষুধ, শাড়ি, পাতার বিড়ি ও বাজি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির দুটি দল কলারোয়া থানার আমবাগান ও চান্দা এলাকা থেকে প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও পাতার বিড়ি জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দল গেরাখালি এলাকা থেকে ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়া তলুইগাছা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী পাকা রাস্তা এলাকা থেকে ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করে। অপরদিকে কুশখালী বিওপির দল কুলবাগান এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
বিজিবি জানায়, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

