সাতক্ষীরা সংবাদদাতা
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এখনও চার মৌয়াল। বৃহস্পতিবার রাতে বন বিভাগের একটি টিম ঘটনাস্থল থেকে চার জনকে উদ্ধার করে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসেন। এর আগে গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।

উদ্ধার মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী।

নিখোঁজ রয়েছেন, একই উপজেলার একই এলাকার আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন এবং ইকরামুল কবির।

বনবিভাগ জানায়, গত ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে ৮ জনের একটি মৌয়াল দলের নৌকা ডুবে যায়। এর মধ্যে ৪ জন পর দিন ৭ এপ্রিল সন্ধ্যায় ভাসতে ভাসতে সুন্দরবনের হলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদেরকে উদ্ধার করে সেখানকার বনকর্মীরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার রাতে বুড়গোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়। এর মধ্যে দুই জন গুরুতর অসুস্থ রয়েছেন।

বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত পহেলা এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান।

গত ৬ এপ্রিল তারা ঝড়ের কবলে পড়েন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাতে আনা হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছেন। বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে বলে তিনি আরো জানান।

এদিকে, চার মৌয়াল নিখোঁজের ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তারা বনবিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Share.
Exit mobile version