বাংলার ভোর প্রতিবেদক
যশোরে হত্যাসহ ১৪টি মামলার আসামি হিসেবে অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, শরিফুল ইসলাম জিতু যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি আত্মগোপনে চলে যান।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share.
Exit mobile version