ঢাকা অফিস
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি মোট ২৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার ছিলেন, যার মধ্যে ছয়জন সংসদ সদস্য ভোটদান থেকে বিরত থাকেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয়ার সুযোগ না থাকলেও, স্বতন্ত্র সদস্যরা দুই প্রার্থীর যেকোনো একজনকে ভোট দেয়ার সুযোগ পান।
নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ভোট প্রদানের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ পর্ব শুরু হয়।
এর পরপরই নিজের ভোট প্রদান করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করেন।

