কোটচাঁদপুর সংবাদদাতা
সাধারণত বয়স্ক ও বৃদ্ধদের জন্য বিভিন্ন মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হলেও এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই দিনব্যাপি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারও দিনব্যাপি এ ক্যাম্প চলবে বলে জানান সংশ্লিষ্টরা। ক্যাম্পের উদ্বোধন করেন জীবন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মফিজুল ইসলাম বাবু।
তিনি জানান ক্যাম্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে জীবন উন্নয়ন সংস্থা। মেডিকেল ক্যাম্পে দুইজন মেডিকেল অফিসার ডা. মাহফুজ ও ডা. তামান্না ইয়াসমিন শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন।
প্রথম দিনেই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের এলাকার শিশু ও তাদের অভিভাবকদেরও এ চিকিৎসাসেবার আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
