শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় কৃষকদের আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করা হয়।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। শুরুতে একটি র্যালি বের করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি, পানি ব্যবস্থাপনা এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ ফারুক হাসানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকরা।
