বাংলার ভোর প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে যশোর জেলা পুলিশ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে। রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে রাত ৮টার দিকে যশোর শহরের মনিহার এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
তিনি জানান, যশোর জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে ৪৩টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় এক হাজারের বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়। এর মধ্যে যশোর শহরে ট্রাফিক পুলিশ ৪টি মামলা করেছে এবং ২৫টি মোটরসাইকেল জব্দ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
