বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় মসজিদে মাইকিং করে ডাকাত আসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের দুই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন। পরে আহত অবস্থায় ওই পাঁচ যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে বালিয়াডাঙা বিসিক এলাকা ও মালোপাড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক বালিয়াডাঙা গ্রামে প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও তল্লাশি করতে থাকেন। তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের ডাকাত সন্দেহ হয়। একপর্যায়ে বালিয়াডাঙা বিসিক এলাকা থেকে তাদের ধাওয়া করেন স্থানীয়রা।
এ সময় মান্দারতলায় প্রাইভেটকারটি ফেলে রেখে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। পরে মালোপাড়া এলাকায় পাঁচ যুবককে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নিরব, সুজন ও তানজিম। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সময় মসজিদে মসজিদে মাইকিং করে এলাকায় ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে দেয়া হলে দুই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, ওই যুবকদের সঙ্গে একজন নারীও ছিলেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক যুবকেরা তাদের এলাকায় আসার বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। তাদের একজন দাবি করেন, এক আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে তারা সেখানে গিয়েছিলেন।
আরেকজন জানান, তাদের একজনের স্ত্রীকে নিতে এলাকায় এসেছিলেন তারা। তবে গ্রামবাসী তাদের ডাকাত সন্দেহ করে আটক করেন। অন্য একজন এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন। তবে ডাকাতির কোনো ঘটনার আলামত পাওয়া যায়নি।
স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
