রামপাল সংবাদদাতা :
বাগেরহাটের রামপালের অজপাড়াগায়ে বিশ্বমানের “আমাদের গ্রাম ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলার ঝনঝনিয়া আমাদের গ্রাম ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের সভা কক্ষে এ সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক আব্দুল বাতেনসহ বাগেরহাটের পরিবেশ দপ্তর, সিভিল সার্জন, সমাজসেবাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, এ জেলার অজপাড়াগায়ে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হয়েছে। দেশি বিদেশি মানবিক মানুষের সহযোগিতায় এ হাসপাতালটি গড়ে উঠেছে।
হাসপাতালটি যাতে গোটা বাংলাদেশের সকল মানুষের সাশ্রয়ী মূল্য সেবা পায় সেই লক্ষ্যে কাজ করছে। আমরা সরকারের পক্ষ থেকে এখানে সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, প্রতিবছর তার ব্যক্তিগত তহবিলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ১০০ জন হতদরিদ্র রোগীকে স্ক্রিনিং করার ব্যাবস্থা করা হবে।
বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন বলেন, এমন একটি হাসপাতালে উন্নত সেবা মিলবে এটা চিন্তাও করা যায় না। আমরা সব ধরনের সহযোগিতা করবো।
