বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি। দাবিগুলোর মধ্যে রয়েছে মাঘী পূর্ণিমার আগেই টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু, দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার, অসমাপ্ত নদী খননকাজ সম্পন্ন এবং মৎস্যঘের নীতিমালা বাস্তবায়ন। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভবদহ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করছে। জলাবদ্ধতা নিরসনে দুই বছর আগে ৫০ কোটি টাকা ব্যয়ে আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প এবং গত বছর ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু দেড় বছর আগে আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্পের দরপত্র সম্পন্ন হলেও এখনো মূল কাজ শুরু হয়নি। কমিটির অভিযোগ, ভবদহ অঞ্চলের ২৭টি বিলের পানি নিস্কাশনের প্রধান নদী হরির অন্তত পাঁচ কিলোমিটার অংশ প্রয়োজনীয় দুই ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়নি।
পাশাপাশি নদীর সব ক্রস বাঁধও অপসারণ করা হয়নি। ফলে ভাটার সময় বিভিন্ন স্থানে নদীর তলদেশ ও বাঁধ জেগে উঠছে। এ ছাড়া ভবদহ সুইচগেটের উজানে টেকা ও মুক্তেশ্বরী নদীর সাত কিলোমিটার এবং শ্রী নদীর এক কিলোমিটার অংশ খনন না করেই কাজ সম্পন্ন দেখানোর অভিযোগ করা হয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়, মুক্তেশ্বরী নদীতে শত শত নেট-পাটা ও শ্যাওলার কারণে স্বাভাবিক পানি নিস্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে বিভিন্ন বিলে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি জমে থাকায় এবারও অধিকাংশ জমিতে ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংগ্রাম কমিটির নেতারা আশঙ্কা প্রকাশ করেন, আগামী দুই মাস পর মাঘী পূর্ণিমার জোয়ারের সঙ্গে নদীতে ব্যাপক পলি আসতে শুরু করবে। বর্ষায় উজানের পানির চাপ না আসা পর্যন্ত পলি জমতে থাকলে ১৪০ কোটি টাকা ব্যয়ে খনন করা নদীগুলো পুনরায় ভরাট হয়ে যেতে পারে। এতে আগামী বছরও ভবদহ অঞ্চল ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতি এড়াতে মাঘি পূর্ণিমার আগেই জাতীয় কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী দামুখালি বিলে টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়।
কমিটির পাঁচ দফা দাবি হলো, চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই আমডাঙ্গা খাল সংস্কার কাজ সম্পন্ন করা, টেকা ও হরি নদীর সব ক্রস বাঁধ অপসারণ এবং অগভীর স্থানগুলো প্রয়োজনীয় গভীরতায় খনন করা, মাঘি পূর্ণিমার আগেই আইডব্লিউএমের প্রস্তাবিত বিলে টিআরএম চালু করা, আগামী শুষ্ক মৌসুমে অসমাপ্ত নদী খননকাজ সম্পন্ন করা ও ভবদহ অঞ্চলে মৎস্যঘের নীতিমালা কার্যকর করা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ভবদহ অঞ্চলের অধিকাংশ মৎস্যঘেরের মালিক সড়ককে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করছেন। অনেক ক্ষেত্রে কালভার্ট ও খালের মুখ বন্ধ করে পানি নিস্কাশনের পথ বাধাগ্রস্ত করা হচ্ছে। পাশাপাশি বোরিংয়ের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলনও শুরু হয়েছে। এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক আগামী বর্ষা মৌসুমের আগেই আমডাঙ্গা খালের সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে টেকা ও মুক্তেশ্বরী নদীর ক্রস বাঁধ দ্রুত অপসারণের আশ্বাস দেন তিনি।
তবে টিআরএম চালুর বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক। এ ছাড়া মৎস্যঘের নীতিমালা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম উর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য শেখর বিশ্বাস, অনিল বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, ভগীরথ শিকদার, বিকাশ চন্দ্র মল্লিক ও রাজু আহমেদ প্রমুখ। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে ভবদহ অঞ্চলের মানুষকে মুক্ত করতে দ্রুত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংগ্রাম কমিটির নেতারা।
