বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে শহরের মাইকপট্টি ও চিত্রামোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। এ সময় ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে যানবাহনগুলো ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেয়া হয়।
এছাড়া শহরের অনান্য সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন যানবাহনের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জন মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানের সময় গাড়ির মালিকদের সতর্ক করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে দোকানদারদেরও সচেতন করা হয়।
অভিযান চলাকালে যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সোমবার এ বিশেষ অভিযান শুরু হয়। সেদিন শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, এমকে রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মোটরসাইকেল জব্দ করা হয় এবং ট্রাফিক আইন অমান্যের দায়ে মামলা দায়ের করা হয়। ট্রাফিক পুলিশ জানিয়েছে, নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

