ঝিকরগাছা সংবাদদাতা
যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় ঝিকরগাছায় শুকরিয়া জ্ঞাপন ও হাফেজ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসর নামাজের পর সাহারা জামান হাফিজিয়া মাদরাসার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ইফতারপূর্ব শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খান মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, এডাব যশোরের সভাপতি শামসুল আলম এবং ঢাবি ফোরাম যশোরের সভাপতি সাইফুল্লাহ খালেদ।
দোয়া পরিচালনা করেন সাহারা-জামান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান আলী, সদস্য শাহিন আহম্মেদ, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম-মুসল্লি, মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চৌধুরী বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। যাদের সামর্থ্য বেশি, তারা যেন প্রতিবেশী ও আশপাশের মানুষকে নিয়ে ভালো থাকার চেষ্টা করেন। তিনি বলেন, একটি খেজুর ভাগাভাগি করেও যদি ইফতার করা যায়, তবে তা ইসলামী, সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত মহৎ কাজ। তিনি আরও বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ এবং চুরি-ডাকাতি দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখতে হবে। তবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

