বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১২টি ককটেল বোমাসহ সুলতান গাজী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

র‌্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. সুলতান গাজীকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ১২টি বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সুলতান গাজীর বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, অবৈধ অস্ত্র, নাশকতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Share.
Exit mobile version