মাগুরা সংবাদদাতা
ইরানের ওপর ইসরায়েল ও আমেরিকার হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা ইসলামী যুব সংগঠন বাংলাদেশ। মিছিলটি চৌরঙ্গী মোড় এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইরানের ওপর ইসরায়েল-আমেরিকার আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।
তারা অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি জানান এবং মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু হানিফ, উপদেষ্টা মাওলানা রাশিদুল ইসলাম খান, উপদেষ্টা মোহাম্মদ সাব্বির আহমেদ, সভাপতি মোহাম্মদ আবু তালহা, সহ-সভাপতি মোহাম্মদ তৌফিক আহমেদ, সেক্রেটারি মঞ্জুর মোল্লাসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

