বাংলার ভোর প্রতিবেদক
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচিতে সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, মো. ফাহিম হোসেন, ইমতিয়াজসহ এমএম কলেজ, শিক্ষা বোর্ড কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, আব্দুর রাজ্জাক কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। তারা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান ও নিরাপদ পরীক্ষার পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তকে অমানবিক বলে মন্তব্য করেন।
বিক্ষোভকারীরা বন্যা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্র সংক্রান্ত ত্রুটি সংশোধন করে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবি তুলে ধরেন। বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি তারা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে না। তারা দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
