বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওগুলোর কার্যক্রম আরও ফলপ্রসূ করতে গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর কাজ তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) জেলা শাখার আয়োজনে “বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন ।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন এডাব যশোরের সভাপতি শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

সভাপতির বক্তব্যে শামসুল আলম বলেন, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে এনজিওসমূহ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সহযোগিতায় তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব।

সভায় অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি এম রাসেল আশরদ, সাধারণ সম্পাদক শাহজান নান্নু, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম ও সদস্য আহসান হাবিব। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন, তৌহিদ জামান, রাজেক জাহাঙ্গীর, নূর ইসলাম, এস এম ফরহাদ, আকরামুজ্জামান, সাইফুল ইসলাম সজল, তবিবুর রহমান, জুয়েল মৃধা, ইমরান হাসান পিংকু প্রমুখ।

বক্তারা আগামীতে যশোর জেলার উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Share.
Exit mobile version