বাংলার খেলা প্রতিবেদক

“সুস্থ দেহ, সুস্থ মন-ক্রীড়ায় গড়ি আগামীর জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে শুরু হয়েছে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আয়োজনের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর শিরিনা খাতুন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডা. হারুন অর রশিদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি আব্দুস সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম ও সেক্রেটারি আনিসুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের পর কলেজের ১৯টি বিভাগ ও উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করে শিক্ষক ও অতিথিদের সম্মান জানায়। পরে বিগত বছরের চ্যাম্পিয়ন অ্যাথলেটরা মশাল প্রাজ্জ্বলনের মাধ্যমে মূল প্রতিযোগিতার সূচনা করেন।

প্রতিযোগিতায় বালক ও বালিকাদের জন্য মোট ১৩টি ইভেন্ট রাখা হয়েছে। প্রথম দিনে দৌঁড় প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এবং ছাত্রদের ফ্রি-স্টাইল সাঁতারের চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়।

দ্বিতীয় দিন বুধবার অনুষ্ঠিত হবে মিনি ম্যারাথন। যা তালবাড়িয়া ডিগ্রি কলেজ থেকে এমএম কলেজের দক্ষিণ গেট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও শিক্ষক, তাদের সহধর্মিণী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের জন্য রয়েছে বিভিন্ন আয়োজন।

ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন পুরো ক্যাম্পাসজুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ।

Share.
Exit mobile version