কপিলমুনি ও পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বড় ভাই বীরেন্দ্র বৈরাগী (৭৯)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮ দিকে উপজেলার কপিলমুনি ইউপির নাবা গ্রামে। নিহতের ছেলের বৌ বৈশাখী বৈরাগী জানান, দুই পরিবারের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে মন্দির তৈরি করতে ইট রাখলে সোমবার সকালে ছোট দাদা শশুরসহ তার তিন ছেলে এসে বিবাদে জড়িয়ে পড়েন।
এ সময় কথা কাটাকাটি ও ঠেলঠেলির একপর্যায়ে আমার কাকা শশুর কিরোন বৈরাগী আমার শশুর বীরেন্দ্র বৈরাগীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি জ্ঞান হারান। দ্রুত তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন। তার চোখে অপারেশন করা ছিল। এছাড়াও তার হার্টের রোগ ছিল।
কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাচী সিকদার জানান, পৌনে দশটার দিকে অসুস্থ অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে চেক করে দেখা যায় হার্টের পালস ও প্রেশার ছিলনা। চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আমরা হাসপাতাল ও এলাকা পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুপুর ১ টা সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ কপিলমুনি হাসপাতালে রাখা ছিল। তিনি আরোও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হবে।
থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শনের কথা বলে জানান, নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে, তারা এজাহার দিলে থানায় মামলা হবে।
