বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশে লাগলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমণ উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এ কথা।
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর যাবেন। ওই দিন সকালে তিনি জেলার শার্শা উপজেলার উলাশীতে খাল পুনঃখনন ও যশোর মেডিকেল কলেজ ৫শ’ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়া দুপুরে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। এছাড়া সময় পেলে তিনি দেশের অন্যতম প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ঘুরে দেখবেন।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
এছাড়া প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ ও উলাশী যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখননের উদ্বোধনে অংশ নেবেন সে স্থান পরিদর্শন করেন।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এর মাধ্যমে যশোরের থমকে যাওয়া উন্নয়নের চাকা পুনরায় সচল হবে।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমুখ।
