কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের পর সেটি থানা হেফাজতে নেয়ার সময় পুলিশের উপর হামলা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে কেশবপুরের চিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা শুক্রবার সকালে
উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করেন। এ সময় মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়ার চেষ্টা করে। চিংড়া পুলিশ ফ্াড়ির সহকারী উপপরিদর্শক নজরুল ইসলাম তাদেরকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেয়ার জন্য বললে বাকবিতন্ডা শুরু হয়।
একপর্যায়ে একদল যুবক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের উপর চড়াও হয়ে তাকে মারপিট করে মোটরসাইকেলটি কেড়ে নেয়। এতে তিনি আহত হন। পরে পুলিশ কেড়ে নেয়া ওই মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে।
খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ছাড়া চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
