কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে ১ হাজার ৩৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বিজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, কর্মপরিষদ সদস্য তাজামুল ইসলাম দিপু এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল আল মামুন জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীস্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, এর মধ্যে ৭০০ জন কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বিজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৬০০ জনকে ১ কেজি পাটবিজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; ৬০ জনকে ১ কেজি তিল বিজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৩০ জন কৃষককে ৫ কেজি মুগ ডালের বিজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে।
বিনামূল্যে বিজ ও সার পেয়ে কৃষকেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় কৃষকদের আশা, এ সহায়তার মাধ্যমে চলতি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।
