কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে একযোগে পাঁচটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে এমন চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন।

সিসি টিভি ফুটেজ ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, ৩০ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে নাইট গার্ড বাড়ি চলে যাওয়ার সুযোগে দোকানে প্রবেশ করে চোরচক্র। এবং দোকানগুলোর ক্যাশ ড্রয়ার ভেংগে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো লিটন কসমেটিক, রাজ্জাক সু , শামীম কসমেটিক, সুয়েল ক্লথ স্টোর ও শাহীন গার্মেন্টস।

দোকান মালিক লিটন জানান প্রতিদিনের মতই রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি দোকানের একটি ঝাপ উচুঁ ভেতরে ক্যাশ ড্রয়ার ভাংগা। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এমন প্রশ্নে তিনি জানান ক্যাশে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিলো যা নিয়ে গেছে আর মালামাল কি পরিমাণ নিয়েছে তা খতিয়ে দেখতে হবে।

এছাড়া রাজ্জাক সু থেকে ২৬ হাজার, শামীম কসমেটিকের ৮ হাজার, সুয়েল ক্লথ স্টোর থেকে ৯ হাজার, শাহীন গার্মেন্টসের ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে তারা জানিয়েছেন।

এ ঘটনায় খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো। এখন পর্যন্ত কেউ বাদী হয়ে লিখিত কোন এজাহার বা অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version