বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সুজন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সবিতা দাস বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম কোতোয়ালি থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুজন হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খোদ্দ বনগ্রামের বাসিন্দা এবং ওয়াজেদ শেখের ছেলে। তিনি নিজেকে সেনাবাহিনীর ‘সৈনিক’ পরিচয় দিয়ে প্রতারণা করেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১১ মে সবিতা দাস ফরিদপুর থেকে ট্রেনে করে যশোরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাশের যাত্রী সুজনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সুজন নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করে জানান, তিনি কম্পিউটার অপারেটর পদে চাকরি দিতে পারবেন।
পরে সবিতা দাস তার ছেলের চাকরির জন্য অনুরোধ করলে সুজন ৫ লাখ টাকা দাবি করেন। এতে সম্মতি দিলে তিনি সিঙ্গিয়া রেলস্টেশনে নেমে সবিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন এবং প্রথমে ৫০ হাজার টাকা গ্রহণ করেন। এরপর একই বছরের ১৪ মে থেকে ১৯ মের মধ্যে বিকাশের মাধ্যমে আরও ৪ লাখ টাকা নেন।
তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে সুজন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং টাকা ফেরত দেননি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে সবিতা দাস আদালতের শরণাপন্ন হন। এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
