বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় হঠাৎ করেই পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিনব্যাপি পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পুলিশর চৌগাছা থানার একাধিক টিম একযোগে মাঠে নামে। গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত ৪ জন, জেনারেল রেজিস্টার পরোয়ানাভুক্ত ১ জন এবং কেস রেজিস্টার পরোয়ানাভুক্ত ৮ জন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ও আদালতের পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন বলে দাবি করেছে পুলিশ। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
হঠাৎ এমন অভিযানে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের কেউ স্বস্তি প্রকাশ করলেও, কেউ উদ্বেগের কথাও জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, অনেকদিন ধরেই এলাকায় কিছু লোকজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। পুলিশ অভিযান চালানোয় আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।
অন্যদিকে মিজানুর রহমান বলেন, হঠাৎ করে এত অভিযান হওয়ায় কিছুটা ভয়ও লাগছে। তবে যদি অপরাধীদের ধরতেই হয়, তাহলে এমন অভিযান নিয়মিত হওয়া উচিত।
চৌগাছা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
পলাতক আসামিদের আইনের আওতায় আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
