বাংলার ভোর প্রতিবেদক :
জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, জনগণ এমন সেবা পাবে, যা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে।
শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কষ্ট ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে গণমুখী সরকার হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সব মানুষের। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার একবিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।
ভূমি অফিসের গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। এখানে সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেয়া যাবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
ভূমি অফিসের ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।
