জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামে বসত ঘর থেকে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের দু’নারীসহ অন্তত ৫ জন রক্তাক্ত জখম হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আহতরা হলেন, পুরাতন চাকলা গ্রামের কৃষক আরিফুল ইসলাম (৪২), তার পিতা আব্দুল মান্নান, মা ছামিরন খাতুন এবং স্ত্রী রাবেয়া খাতুনসহ পরিবারের আরও একজন সদস্য।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাদের বসতঘর থেকে ৯ হাজার টাকা চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বিরোধের সৃষ্টি হয়।
ওই বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় একই গ্রামের হাসান আলী (৩৫) তার পিতা আব্দুল হান্নান (৫৫) এবং আব্দুল হান্নানের স্ত্রী শুকুরজান বেগমসহ কয়েকজন লাঠিসোটা, দা ও হাসুয়া নিয়ে সংঘবদ্ধভাবে আরিফুল ইসলামের বাড়িতে প্রবেশ করে।
এ সময় তারা প্রকাশ্যে হুমকি-ধমকি দিতে থাকে এবং একপর্যায়ে আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। অভিযুক্ত হাসান আলী তার হাতে থাকা লোহার রড দিয়ে আরিফুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় আরিফুল ইসলামের পিতা আব্দুল মান্নান ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও আক্রমণ চালায়।
এদিকে হামলার সময় শুকুরজান বেগম লাঠি দিয়ে আরিফুল ইসলামের মা ছামিরন খাতুন ও স্ত্রী রাবেয়া খাতুনকে মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। প্রতিবেশী শাহিন উদ্দিন, আমান উল্লাহ ও আলামিনসহ এলাকার আরও কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।
পরে আহত আরিফুল ইসলাম ও তার পিতা আব্দুল মান্নানকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। তবে শনিবার সন্ধ্যায় তা সহিংস রূপ নেয়।
রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জখমীরা বর্তমানে জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
