বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানি খাতকে নিরাপদ করতে হলে এর উৎসে বৈচিত্র্য আনতে হবে। এই লক্ষ্যেই সরকার জ্বালানি খাতে সৌর বিদ্যুতের মাধ্যমে উৎপাদনে গুরুত্ব দিচ্ছে।
শুক্রবার বিকেলে যশোর টাউম হল মাঠে ১০ দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই হবে না, কোন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নিরাপদ জ্বলানি নীতি বাস্তবায়নে সৌরবিদ্যুতের প্রতি সরকার মনোনিবেশ করছে।
তিনি বলপন, সৌর প্যানেল স্থাপনে বাজেটে বিশেষ সুবিধা ও শুল্ক ছাড় দেয়া হয়েছে। সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারি খাতকেও এ খাতে এগিয়ে আসতে হবে।
যশোরের বিসিক উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, কয়েকজন উদ্যোক্তা যৌথভাবে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ অন্যান্যরা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ মেলায় জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৬০টি স্টল স্থান পেয়েছে।
হস্তশিল্প, বুটিক, খাদ্যপণ্য, গৃহসজ্জা সামগ্রিসহ বিভিন্ন দেশীয় পণ্য মেলায় প্রদর্শিত হচ্ছে।
আগামী ১০ দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
