ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন ।

উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এই এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে আব্বাস, মাজেদ বিশ্বাস, ইসহাক, লিঙ্কন, সাব্বির, আমিরুল, আশিক, মোশারফ, মিন্টু শেখ, ফরিদুল, আসাদুল, শাকিল, আসাদ বিশ্বাস, ওয়াসিম, পিকুল শেখ, আরব আলী, হৃদয়, ও আশিকুজ্জামানসহ অন্যদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের অনুসারীরা। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোহন শেখ নিহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, মোহন শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতর আহত আব্বাস শেখের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক বিরোধের জেরে মোহন শেখকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তিনি একজন সাধারণ কৃষক ছিলেন”।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীও একই দাবি করে বলেন, তার সমর্থক মোহন শেখকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”।

Share.
Exit mobile version