নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে পেট্রোল ঢেলে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মিকশিমিল এলাকায় ঘটনাটি ঘটে। বুধবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে আইনশৃঙ্খলাবাহিনী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মিকশিমিল গ্রামের জনি গাজী (৩০) খর্ণিয়াস্থ একটি তেল পাম্পে কাজ করতেন। পেট্রোল সংকট দেখা দিলে পাম্প থেকে জ্বালানি নিয়ে বাড়িতে রাখতেন। যা জনির স্ত্রী বিথি (২৬) বাড়িতে বেশি দামে বিক্রি করতেন।
মঙ্গলবার দুপুরে পেট্রোল বিক্রির টাকার হিসাব নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে জনি ঘর থেকে পেট্রোল নিয়ে স্ত্রী বিথির শারীরে ঢেলে আগুন লাগিয়ে দেয়।
বিথির চিৎকারে স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডেকিল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। সে মোতাবেক ঢাকায় হাসপাতালে পৌঁছানোর আগেই রাত আনুমানিক ১২ টার দিকে বিথি মারা যান।
ঘটনার পর স্বামী জনি গাজী পালাতক রয়েছে। বিথী শাহপুর গ্রামের অপু গাজীর মেয়ে। সাংসারিক জীবনে তাদের ঘরে ২ পুত্র সন্তান রয়েছে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ আছের আলী জানান, ঘটনা জেনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে কেউ মামলা করেনি।
