বাংলার ভোর প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, এটি কোন প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং কর্মীর অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
যশোর কোতোয়ালী মডেল থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে ডিপো থেকে তেল আনার পর আনলোডের কাজ করছিলেন নজেলম্যান ইসমাইল। কাজের একপর্যায়ে তিনি পাম্পের পাশে গিয়ে গ্যাসলাইটে আগুন জালান।
এতে তার শরীরে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়।
এরপর দ্রুতই আগুন পাশের তেল সংরক্ষণাগারে ছড়িয়ে পড়ে। তবে পাম্পে থাকা অন্যান্য কর্মীরা দ্রুত ব্যবস্থা নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় নজেলম্যান ইসমাইল দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে ঢাকা বার্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
দরগাহ ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এটি কোন প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেনি। ফিলিং স্টেশনে দেয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ না করা এবং কর্মীর অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
