অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে এক ঘের ব্যবসায়ীর মাছের ঘেরে বিষ দিয়ে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, শনিবার রাতের কোন এক সময় উপজেলার ধোপাদি গ্রামের ঘের ব্যবসায়ী রফিক গাজীর ঘেরে দুর্বৃত্তরা বিষ দিয়ে পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলে। ভুক্তভোগী জানিয়েছেন নিজের সর্বস্ব উজার করে তিনি এ ঘেরটি করেছিলেন। এখন ঘেরের মাছ মরে যাওয়ায় তিনি সর্বস্বান্ত হওয়ার উপক্রম।

তিনি জানান, আর মাত্র কয়েকদিন পরই মাছের পোনা বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল। বাজারে এসব পোনা বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হওয়ার কথা।

কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে রাতারাতি সব মাছের পোনা মারা যায়। কান্নাজড়িত কণ্ঠে রফিক গাজী বলেন, “আমি এখন পথের ফকির হয়ে গেছি। এত কষ্ট করে গড়া স্বপ্ন এক রাতে শেষ হয়ে গেল।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবেই এই ক্ষতি করা হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share.
Exit mobile version