নড়াইল সংবাদদাতা :
নড়াইল শহরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.উজির আলীকে (৩৪) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অফিস সহকারী রাকিব হোসেন অন্তরের বিরুদ্ধে। আহত প্রধান শিক্ষক নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে উপজেলা শহরের নড়াইল কালেক্টরেট স্কুলে হামলার ঘটনাটি ঘটে।

আহত উজির আলী নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক এবং লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের বাসিন্দা।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অভিভাবকরা নড়াইল শহরের কালেক্টরেট স্কুলে যান শিক্ষার্থীদের বেতন পরিশোধের জন্য। তবে বিদ্যালটির অফিস সহকারী রাকিব হোসেন অন্তর বেতন না নিয়েই বেশ কযেকজন অভিভাবকের সাথে দুর্ব্যবহার করেন। এ ঘটনা জানতে পেরে প্রধান শিক্ষক অফিস সহকারীর কাছে অভিভাবকদের সাথে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে প্রধান শিক্ষক রুম থেকে বেরিয়ে যেতে গেলে অফিস সহকারী অন্তর তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে আহত অবস্থায় অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষককে উদ্ধার করে জেলা হাসাপাতালে নিয়ে যান।

তবে এসব অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত রাকিব হোসেন অন্তরের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগী প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। এ ঘটনায় অভিযুক্ত রাকিব হোসেন অন্তরকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version